ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোচালকরা. ​যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৩:৩৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৪:৫৩:২৫ অপরাহ্ন
আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোচালকরা. ​যান চলাচল স্বাভাবিক ​ছবি: সংগৃহীত
আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেলেন রাজধানীতে আন্দোলন করা ব্যাটারিচালিত রিকশাচালকরা। সড়ক ছাড়ার সময় তারা ঘোষণা দিয়েছেন— আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রির বন্ধের নির্দেশ না দিলে ১ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।  

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা একটি মিছিল নিয়ে উত্তর বাড্ডা থেকে রামপুরা গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। এ সময় তারা এই ঘোষণা দেন।

সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা বলেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি করপোরেশনকে সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে ১ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশন ভবন ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। 

এদিকে রিকশাচালকরা সড়ক ছেড়ে দিলে কুড়িল-রামপুর সড়কে প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন বলেন, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ