রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০১-২০২৬ ১১:৫৯:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৬ ১১:৫৯:০০ পূর্বাহ্ন
ফাইল ছবি
রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক ও এক পথশিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে।
ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনার ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক ভ্যানচালক নিহত হন। রাত আনুমানিক ১০টার দিকে একটি লেগুনা একটি সিএনজি অটোরিকশা ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী রবিউল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় জাহিদ (১১) নামে এক পথশিশু নিহত হয়েছে। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।নিহত জাহিদের বন্ধু পথশিশু রাব্বি জানায়, গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স