ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের সুখবর দিলো বিসিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১১:৫৭:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১১:৫৭:২০ পূর্বাহ্ন
​বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের সুখবর দিলো বিসিবি ফাইল ছবি
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএলের ম্যাচ বয়কট করে ছিলেন ক্রিকেটাররা। যে কারণে বৃহস্পতিবার মারকাটারি আসরের ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচ মাঠেই গড়ায়নি। যা নিয়ে দিনভর চলে নাটকীয়তা। এরপর রাতে কোয়াবের সদস্যদের সঙ্গে বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে ক্রিকেট। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। এর আগে, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুর ১টার ম্যাচটিও অনুষ্ঠিত হয়নি। সেই দুটি ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। টিকিটের অর্থ ফেরতের নিয়ম জানিয়ে বিসিবি বলছে, যারা ১৫ জানুয়ারি বিপিএলের নির্ধারিত ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকে ফেরত পাবেন অর্থ। এজন্য এই ওয়েবসাইট এবং +880 9606-501231 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। যদিও এদিন অনুষ্ঠিত হবে আগের দিনের স্থগিত দুই ম্যাচ। দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। এ ছাড়া পরিবর্তিত সূচি অনুযায়ী বিভিন্ন ম্যাচের টিকিটও একইভাবে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। 

এদিকে, পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। একইভাবে পাল্টে গেছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেয়া হয়েছে। অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শেষ হবে।

প্রসঙ্গত, ক্রিকেটাররা দাবি না মানার আগপর্যন্ত খেলা বয়কটের ঘোষণা দিলেও গতকাল বিপিএল মাঠে গড়ানো নিয়ে স্পষ্ট বার্তা ছিল না কোনোপক্ষ থেকেই। ফলে খেলা দেখতে যথারীতি স্টেডিয়াম প্রাঙ্গনে এসেছিলেন সমর্থকরা। এরপর খেলা শুরু না হলেও বেশ কিছু দর্শক গ্যালারিতেও প্রবেশ করেন। তবে তাদের বড় একটি অংশ গেইটের বাইরে অপেক্ষায় ছিলেন। পরে খেলা না হওয়ায় দর্শকদের কেউ কেউ ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাংচুর শুরু করলে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ