সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ
সায়েন্স ল্যাব মোড়ে ঢাবির বাস ভাঙচুর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০১-২০২৬ ০৭:০৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০১-২০২৬ ০৯:০৮:৩৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মত সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন তারা। এরপর আড়াইটার দিকে অবরোধে আটকে থাকা বাসটি ভাঙচুর করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ভাঙচুরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, অর্জন নামের বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় দুটি জানালার কাচ ভেঙেছে। বাসের বহিরাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ক্যাম্পাস রুটে শিক্ষার্থীদের আনা নেওয়া করে। দুপুরের ট্রিপ চলাকালে সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের ভাঙচুরের শিকার হয় সেটি। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে অবরোধে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি ঘিরে তরুণদের দুটি পক্ষের হুড়োহুড়ি দেখা গেছে। তারা হাতাহাতিতেও জড়িয়েছে। একপর্যায়ে বাসটিকে ধাওয়া ও ঢিল ছোড়া হয়। অনেকে জুতা ছুড়ে মারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসের পেছনের গ্লাস পুরো ভেঙে গেছে, দরজা, বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের মবের মধ্যে পড়েছে, আমাদের কিছু করার ছিল না।
ভাঙচুর করা বাসে থাকা রাইসুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেইসবুকে লিখেছেন, ঢাকা কলেজ তিন-চারদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি আটকে রেখেছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে বাসটি বের করে আনলে, সেখানে তারা ইটপাটকেল ছোড়েন।
ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ঘটনার বিষয়ে ফেইসবুকে লেখেন, আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলা ও বাসে ভাঙচুর চালিয়েছে। এই হামলার সঙ্গে জড়িতদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স