প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০১-২০২৬ ০৩:১১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০১-২০২৬ ০৩:১১:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সঙ্গে থাকা আল আমিন নামের একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশী হিসাবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান নিশ্চিত করেন।
স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। গ্রামের মানুষজন ইয়ানুর ও মোস্তফা গ্রপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি- গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে ইয়ানূর ও আল আমিনের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। দুইজন গুরুতর আহত হলে তাদের চিৎকারে সড়কের পাশে থাকা গ্রামবাসী এগিয়ে এসে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানূর মারা যায়। গুরুত্বর আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। তিনি জানান এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স