ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০১:০৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০১:০৮:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা। এ বিষয়ে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে প্রেসিডেন্ট ডঞনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, উভয়পক্ষের স্বার্থ ও সম্পর্ক পুনর্বিন্যাস করার কৌশল হিসেবে এ সমঝোতা হয়েছে। ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে চলে যাবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে।

ভেনেজুয়েলার কাছে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার দাবি করেছিলেন ট্রাম্প, এমনটি না হলে আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি। আর ভেনেজুয়েলা সরকার ট্রাম্পের দাবিতে সাড়া দিচ্ছে তার জোরালো ইঙ্গিত এ চুক্তি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাম্প জানিয়েছেন, তিনি চান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস যুক্তরাষ্ট্র ও প্রাইভেট কোম্পানিগুলোকে দেশটির তেল শিল্পে ‘পূর্ণ প্রবেশের’ সুযোগ দিক।

ভেনেজুয়েলা মজুদ করার ট্যাঙ্কগুলোতে ও বন্দরে রাখা ট্যাঙ্কারগুলোতে লাখ লাখ ব্যারেল তেল ভরে রেখেছে, কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে ট্রাম্পের আরোপ করা নৌ-অবরোধে কারণে সেগুলো রপ্তানি করতে পারছে না।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর সৃষ্টি করা ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে এই অবরোধ আরোপ করা হয়েছিল। গত শনিবার মার্কিন বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি এক নতুন পর্যায়ে পৌঁছেছে। ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা মাদুরোর আটককে ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন আর যুক্তরাষ্ট্র দেশটির বিশাল তেলের মজুদ চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞা দেওয়া’ তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে ‘বিক্রি করবে’।

তিনি লিখেছেন, “এর বাজার মূল্য অনুযায়ী তেলগুলো বিক্রি হবে আর এর থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করবো এটি নিশ্চিত করতে যে এটি ভেনেজুয়েলার ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য ব্যবহৃত হবে।”

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট চুক্তি বাস্তবায়নের দায়িত্বে আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, তেলগুলো জাহাজ থেকে নেওয়া হবে আর সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে।

মঙ্গলবার সকালে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আটকা পড়া অপরিশোধিত তেলগুলো চীনে পাঠানোর জন্য লোড করা হয়েছিল, এখন সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য নতুন করে বরাদ্দ করতে হবে।

গত এক দশক ধরে চীন ভেনেজুয়েলার তেলের শীর্ষ ক্রেতা। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে তেলের বাণিজ্যে যুক্ত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করার পরও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এশীয় দেশটি এর তেলের শীর্ষ গন্তব্য ছিল।

তেল শিল্পের সঙ্গে জড়িত এক সূত্র রয়টার্সকে বলেছেন, ট্রাম্প চান এটি তাড়াতাড়ি হোক, তাহলে তিনি এটাকে একটি বড় জয় বলতে পারবেন।

ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা এবং দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ