ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কারওয়ান বাজারের সড়ক ছাড়লেন মোবাইল ফোন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৪:৩৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:০৮:৫৩ অপরাহ্ন
​কারওয়ান বাজারের সড়ক ছাড়লেন মোবাইল ফোন ব্যবসায়ীরা ​ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের পুলিশি পদক্ষেপে সড়ক ছাড়তে হয়েছে। জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা ব্যবহার করে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটকও করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে কর্মসূচি শুরু করেন। 

মোবাইল ফোন-সংক্রান্ত বিভিন্ন দাবিতে তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দেয়।

পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে অবস্থান নিলে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। জনদুর্ভোগ এড়াতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকজনকে আটক করা হয়েছে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি।

কর্মসূচিতে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, আমরা এনইআইআরের বিপক্ষে নই। তবে এ ব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন। বারবার আমাদের দাবির কথা জানালেও কেউ শুনছে না। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করেছে।

উল্লেখ্য, অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আনতে সরকারের ঘোষণার পর ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে শুরু থেকেই এ ব্যবস্থার কিছু দিক নিয়ে আপত্তি জানিয়ে আসছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

পুলিশ-মোবাইল ব্যবসায়ী সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ