ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০১-২০২৬ ০৬:৩২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০১-২০২৬ ০৭:১১:৩৬ অপরাহ্ন
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করিয়াছেন। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর রাতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন তিনি। সেদিন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, পরদিন অর্থাৎ গত ২৮ ডিসেম্বর পদত্যাপত্রটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এরপর তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি আইন মন্ত্রণালয়।
এর মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স