হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১২-২০২৫ ০৭:২৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৫ ১২:০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থানে দেওয়া বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, এই আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়। এটি শহিদ ওসমান হাদির রক্তের ইনসাফ কায়েমের লড়াই। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন তারা রাজপথ ছাড়বেন না।
তিনি বলেন, অনেক মানুষ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অর্থ দিতে চাইছেন, তবে তাদের অর্থের প্রয়োজন নেই। প্রয়োজন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শহিদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, এখন সেই আদর্শ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের।
আসাদুজ্জামান আসাদ আরও ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। এক ফোঁটা পানিও পান করা হবে না।
তিনি বলেন, হাদির স্মৃতি বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করার ঘোষণাও দেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স