ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘হাদিকে হত্যা করিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকার’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৮:১৭:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৮:১৭:৩৯ অপরাহ্ন
​‘হাদিকে হত্যা করিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকার’ ​ছবি: সংগৃহীত
ওসমান হাদিকে হত্যা করিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার— এমন অভিযোগ তুলেছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, হত্যাকাণ্ডের দায় এড়িয়ে সরকার এখন সেই ঘটনাকেই ব্যবহার করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে ওমর বিন হাদি বলেন, আপনারা যদি মনে করেন নির্বাচন শেষ হলে রাষ্ট্রক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন, তাহলে ভুল করছেন। এ দেশের জনগণ আপনাদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটাই দাবি—ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে হাজির করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়।

ওমর অভিযোগ করেন, ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পক্ষে ছিলেন এবং সে লক্ষ্যেই তিনি মাঠে সক্রিয় ছিলেন। তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের কাছে বারবার বলা হচ্ছে, হত্যার সঙ্গে জড়িত পুরো চক্রকে জাতির সামনে তুলে ধরুন। জুলাই বিপ্লবের আগে যারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করত, তারা আজ দেশে নেই। বিচার না হলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

ওমর বলেন, ওসমান হাদি কোনো রাষ্ট্র, এজেন্সি বা শক্তির কাছে মাথানত করেননি। যদি করতেন, তাহলে অনেকের মতো আপস করে আরামে জীবন যাপন করতে পারতেন।

তিনি বলেন, ওসমান হাদি দেশের কোটি কোটি মানুষকে রাজপথে আন্দোলন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পথ দেখিয়েছেন। তিনি প্রমাণ করে গেছেন, জীবিত অবস্থার চেয়েও মৃত্যুর পর তিনি আরও শক্তিশালী হয়ে মানুষের মাঝে ফিরে আসছেন।

ওমর আরও বলেন, বাংলাদেশের মানুষ ওসমান হাদি হত্যার বিচারের অপেক্ষায় আছে। অন্তর্বর্তী সরকারের সময়েই এই হত্যাকাণ্ড ঘটেছে, ফলে দায় এড়ানোর সুযোগ নেই। আজ হোক বা দশ বছর পরে, এই হত্যার বিচার হবেই এবং দায়ীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ