জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ ও রিপোর্ট গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান রয়েছে, এমন যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট এখন থেকে সরাসরি রিপোর্ট করা যাবে।
এ জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ এবং একটি ই-মেইল ঠিকানা notifz@ncsa.gov.bd দেয়া হয়েছে। এসব মাধ্যমে পাঠানো অভিযোগ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করবে। এরপর প্রয়োজন হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা রিপোর্ট করা হবে। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার সরাসরি কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো প্ল্যাটফর্মগুলোর কাছে রিপোর্ট করতে পারে।
তিনি আরও বলেন, যেসব হেট স্পিচ সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার ডাক দেয়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন