ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৬:০২:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৬:০৩:৫৮ অপরাহ্ন
প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন ​ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন পত্রিকার কর্মীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় কার্যালয়ের সামনে ‘প্রথম আলোর ওপর আক্রমণের প্রতিবাদ’ লেখা ব্যানার হাতে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হকসহ সাংবাদিক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘গত ২৭ বছরে আজকের মতো আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি। পত্রিকার অনলাইন ভার্সনও বন্ধ রয়েছে। আমরা এই হামলাকে বাংলাদেশের বাকস্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ হিসেবে দেখি। হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘এই হামলা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে এবং আগামী নির্বাচনের পথভ্রষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মানববন্ধনের সময় কয়েকজন ব্যক্তি হট্টগোল শুরু করেন এবং প্রথম আলোর কর্মীদের উদ্দেশে গালিগালাজ করেন। এর ফলে কর্মীরা কর্মসূচি দ্রুত শেষ করে বিক্ষোভস্থল ত্যাগ করেন। পরে পুলিশ হট্টগোলকারীদের কারওয়ান বাজারের কাঁচাবাজারের দিকে সরিয়ে দেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ