নির্বাচনী প্রচারে টিভি চ্যানেলে প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১২-২০২৫ ০৩:১৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৫ ০৩:৫৮:২৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচার-প্রচারণায় সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো কিংবা নির্বাচনী সংলাপ সম্প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন। তবে সেখানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া যাবে না।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলকে নির্বাচনী সংলাপ বা অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে এমন বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স