আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে হবে: প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১২-২০২৫ ০৩:১৫:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৫ ০৪:৫৬:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গণঅভ্যুত্থান-পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক করে রাখতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে তিনি এসব কথা বলেন। সভায় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাস আমাদের হাতে নতুন সুযোগ তুলে দিয়েছে। অন্য প্রজন্ম এ সুযোগ পাবে না। যদি আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তবে নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে; আর ব্যর্থ হলে জাতিকে এর মাশুল গুনতে হবে।
বিগত সরকারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে জনগণ প্রকৃত নির্বাচন বলে মনে করেননি। এবার সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।
আগামী নির্বাচনকে ‘অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সরকার তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে।
একইসঙ্গে গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচন পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের জন্য সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের ভবিষ্যৎ রূপ নির্মাণে এই গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদ্য যোগদান করা ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রধান লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। এ জন্য প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং সব পক্ষকে নিয়ে সমন্বিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটারদের বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে এবং যেকোনো পরিস্থিতিতে সৃজনশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা।
শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি ইউএনওদের বলেন, এখন থেকেই কখন, কীভাবে, কোন কাজ করবেন— তার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স