ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৮:০৪:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৮:০৪:২৩ অপরাহ্ন
​হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ​ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, বুধবার দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের বাবাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জেরে উভয়পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে জড়ান। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ