ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল-ফিলিস্তিন

দ্বিরাষ্ট্র সমাধানই সংঘাত নিরসনের একমাত্র পথ : পোপ লিও

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০৪:২০ অপরাহ্ন
দ্বিরাষ্ট্র সমাধানই সংঘাত নিরসনের একমাত্র পথ : পোপ লিও ​খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ ‘টু স্টেট সল্যুশন’ ( দ্বি রাষ্ট্র সমাধান) বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার সফর শুরু করেন তিনি। সফরকালে গত তিন দিন তুরস্কে কাটান তিনি।

এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মেনে নিচ্ছে না। কিন্তু আমরা এটাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায়সংগত সমাধানের দিকে এগোনো যায়।’

ইসরায়েলের বেশিরভাগ রাজনৈতিক নেতাই বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছেন।

সংবাদ সম্মেলনে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন ও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

তুরস্ক সফরকালে পোপ লিও সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। ধর্মের নামে এসব সহিংসতার নিন্দা জানান তিনি।

ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবে তুরস্কের প্রশংসা করে পোপ বলেন, ‘ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের সর্বত্রই আমরা এ ধরনের উদাহরণ দেখতে চাই।’ 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ