ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৩:২২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৩:২২:৩১ অপরাহ্ন
​বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব ​ফাইল ছবি
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা। রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এ সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন কৌঁসুলি মো. মিজানুল ইসলাম; সঙ্গে ছিলেন কৌঁসুলি গাজী এমএইচ তামিম।

পরে তামিম সাংবাদিকদের বলেন, মাননীয় ট্রাইবুন‌্যাল-১ অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন।

আগামী ৮ ডিসেম্বর নিজের অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদসহ সশরীরে উপস্থিত হতে ফজলুরকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে বলে জানান কৌঁসুলি তামিম।

গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।অভিযোগে বলা হয়, টকশোতে ফজলুর রহমান বলেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ‌এই ট্রাইব্যুনালের বিচার মানি না।

এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে একটি টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে তিনি কথা বলেন। পেনড্রাইভে আনা তার এই বক্তব্যের কিছু অংশ বাজিয়ে ট্রাইব্যুনালে শোনানো হয়েছে।

আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড একসঙ্গে হতে পারে বলে জানিয়েছেন কৌঁসুলি মিজানুল ইসলাম।

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। পরে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ