ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীতে ভবন নির্মাণ ফি পাঁচগুণ বাড়ানোর প্রস্তাব রাজউকের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:৫১:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:৫৪:২৯ পূর্বাহ্ন
​রাজধানীতে ভবন নির্মাণ ফি পাঁচগুণ বাড়ানোর প্রস্তাব রাজউকের
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণ সংক্রান্ত নকশা অনুমোদন, সময় বৃদ্ধি এবং ভূমি ব্যবহার ছাড়পত্রের ফি পাঁচগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। ‘ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮’ সংশোধনের অংশ হিসেবে এই ফি বাড়ানো হচ্ছে। আর এই খসড়া ‘কনস্ট্রাকশন রুলস ২০২৫’-এর প্রস্তাব কার্যকর হলে রাজধানীতে ব্যক্তিপর্যায়ের বাড়ি নির্মাণ ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৮ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি রাজউকের সুপারিশ অনুযায়ী সংশোধিত ফি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং কর-বহির্ভূত রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই নতুন নিয়ম কার্যকর হবে।

প্রস্তাব অনুযায়ী, নকশা অনুমোদন, মেয়াদ বাড়ানো ও ভূমি ব্যবহার ছাড়পত্রের ফি ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে—যা পাঁচগুণ বৃদ্ধি। এছাড়া বহুনিবাসী (মাল্টি-ইউনিট) আবাসিক ব্লক নির্মাণ আবেদনের ক্ষেত্রে প্রতি কাঠায় নতুন করে ৫ হাজার টাকা ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। রাজউকের একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত ফি অনুমোদিত হলে ৫ কাঠার একটি প্লটে দুই ইউনিটের ১০ তলা আবাসিক ভবন নির্মাণ ও অন্যান্য অনুমোদন খরচ বর্তমানের তুলনায় এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বাড়বে।

প্রস্তাবিত বিধিমালায় নতুন করে জমির পরিমাণের পাশাপাশি ব্যবহারের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি'র পরিমাণ প্রতি বর্গমিটার মেঝের জন্য সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা (ভবনের শ্রেণি ও উদ্দেশ্যভেদে)। আবাসিক ভবনকে ৬টি ক্যাটাগরিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

পাহাড় কাটার অনুমোদন ফি ৩০ হাজার টাকা, পুকুর খনন ফি ১০ হাজার টাকা এবং ব্যবহার উপযোগিতা সনদপত্র ও নবায়ন ফি ১ হাজার টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি ধর্মীয় উপাসনালয়ের জন্য ইমারত নির্মাণ অনুমোদন ফি লাগবে না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ