ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে দেশে ফিরে ভোটার হবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:৫৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০১:২৯:০৮ অপরাহ্ন
ডিসেম্বরে দেশে ফিরে ভোটার হবেন তারেক রহমান ​ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দেওয়ার জন্য এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমান চাইলে লন্ডনে অবস্থান করেও ভোটার হতে পারতেন। তবে তিনি দেশে এসেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে ভোটার হয়েছেন কি না, সে তথ্য আমাদের জানা নেই। প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকলে তিনি যেকোনো সময় ভোটার হতে পারবেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যাদের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে যারা আগে ভোটার ছিলেন বা বয়সের কারণে ভোটার হওয়ার যোগ্য, কিন্তু তালিকা থেকে বাদ পড়েছেন, তারা আবেদন করলে নির্বাচন কমিশন তাদের ভোটার হওয়ার সুযোগ দেবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, যে ব্যক্তি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক, তাঁকে মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হতে হবে।

নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সে সময় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন। ডা. জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হলেও তারেক রহমান এখনো ভোটার হননি। ভোটার হওয়ার জন্য তিনি এখনো নির্বাচন কমিশনে আবেদন করেননি।

ভোটার হওয়ার ক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিস প্রদান বাধ্যতামূলক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও আবেদন করে তারেক রহমান ভোটার হতে পারবেন বলে জানিয়েছে কমিশন।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার সম্ভাবনার কথা বলা হচ্ছে। সে ক্ষেত্রে তপশিল ঘোষণার পরপরই তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে দাবি করছেন দলীয় নেতারা।

দলীয় সূত্র জানায়, তিনি মধ্য ডিসেম্বর দেশে ফিরতে পারেন। এর আগে তিনি ওমরাহ পালন করবেন। সেখান থেকে সরাসরি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। চার্টার্ড বিমানে তার দেশে ফেরার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলের এক শীর্ষ নেতা।

তিনি জানান, তারেক রহমানের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ ছাড়া তার চলাচলে সহায়তার জন্য দলের সাহসী ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে একটি বিশেষ টিম গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান কোথায় থাকবেন ও কোথায় অফিস করবেন-এসব বিষয় প্রায় চূড়ান্ত। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গেও একাধিক বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা বিবেচনায় দুটি বুলেটপ্রুফ বাস ও গাড়ি কেনা হয়েছে বলে দাবি করেছে দলীয় সূত্র। এসব গাড়ি কেনার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও আবেদন করেছে দলটি।

সরকারি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারবেন এবং তার নিরাপত্তাসংক্রান্ত যেসব অনুরোধ এসেছে, সেগুলোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে কাগজপত্র বিএনপি চেয়ারপারসনের হাতে হস্তান্তর করেছে।

বাড়িটি এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া ছিল। বর্তমানে সেটি তারেক রহমানের থাকার উপযোগী করে সাজানো হয়েছে এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকেই তারেক রহমান রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জরুরি অবস্থায় ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। দীর্ঘ ১৭ বছর ধরে সেখান থেকেই দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ