অনিয়ম-দুর্নীতির আখড়া পিডিএসডি প্রকল্প!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৫ ০৮:০২:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৫ ০৮:২৮:৪৯ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (পিডিএসডি) কি অনিয়ম-দুর্নীতির আখড়া হয়ে উঠেছে? এমন প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লা চাষাড়া-মহাসড়ক সংলগ্ন ৬ একর ৭৫ শতাংশ জমিতে আশা সমবায় সমিতি লিমিটেডের আবাসন পল্লীতে বিদ্যুৎ লাইন নির্মাণকে কেন্দ্র করে।
আশা সমবায় সমিতির আবাসন পল্লীতে বিদ্যুৎ লাইন নির্মাণে নকশাগত ত্রুটি, অতিরিক্ত খুঁটি স্থাপন, ব্যয় নির্ধারণে অস্বচ্ছতা এবং প্রশাসনিক তদারকির ঘাটতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে পাওয়া গেছে, গ্রাহকের কাছ থেকে জমাভিত্তিক যে টাকা নেয়া হয়েছে, কাজ হচ্ছে তারচেয়ে অনেক বেশি। এতে করে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব। অনুমোদনের বাইরে গ্রাহককে বাড়তি সুবিধা দিয়ে পিডিএসডি প্রকল্পে জড়িত এক নির্বাহী প্রকৌশলী নিজের পকেট ভারি করেছেন।
আশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমত উল্লাহ ডিপিডিসির নারায়ণগঞ্জ পূর্ব ডিভিশনে বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য আবেদন করেন। পরবর্তীতে গ্রাহকের কাছ থেকে ডিপিডিসি কর্তৃপক্ষ ৩৭টি বৈদ্যুতিক খুঁটি, দুইটি ট্রান্সফরমার ও এইচটি কেবল স্থাপনের খরচ বাবদ উনসত্তর লক্ষ আটচল্লিশ হাজার ছয়শ বাষট্টি দশমিক আট ছয় পাঁচ টাকা আদায় করে।
বাংলা স্কুপের হাতে আসা নথিতে দেখা যায়, ডিপিডিসির প্ল্যানিং দপ্তরের অনুমোদিত জবে ৩৭টি খুঁটিসহ ট্রান্সফরমার স্থাপনের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সরেজমিনে দেখা যায়, ওই আবাসন প্রকল্পে ৪৫টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে এবং বৈদ্যুতিক তার স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রশ্ন উঠেছে, ৩৭টির জায়গায় ৪৫টি খুঁটি কার নির্দেশে স্থাপন করা হলো?
এদিকে, ডিপিডিসির একাধিক প্রকৌশলী অভিযোগ করেছেন, পিডিএসডি প্রকল্পের এক নির্বাহী প্রকৌশলীর আঙ্গুলের ইশারায় চলছে হরিলুট।
এই প্রকল্পের প্রকৌশলীরা ৩৬টি ডিভিশনেই প্রতিনিয়ত অনুমোদিত নকশার বাইরে কাজ করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই নামকাওয়াস্তে গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু কমিটির প্রতিবেদন কখনই আলোর মুখ না দেখাতে ওই নির্বাহী প্রকৌশলী হয়ে উঠেছেন বেপরোয়া।
(পিডিএসডি প্রকল্পের অনিয়ম-দুর্নীতি নিয়ে বাংলা স্কুপের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আসছে)
বাংলা স্কুপ/প্রতিবেদক/এএ/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স