ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদানি গ্রুপের সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:২০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০২:৪৩:৩৯ অপরাহ্ন
আদানি গ্রুপের সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা ​ফাইল ছবি
বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিশি আদালতে মামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১৯ নভেম্বর) রিট আবেদনকারি ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের প্রেক্ষিতে মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন।

এর আগে ভারতের আদানি গ্রুপ দাবি করেছে বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে দুই পক্ষই সালিশি প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের সরকার জানিয়েছে, আলোচনা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আদানি গ্রুপ বলছে, চুক্তি অনুযায়ী যেকোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়াই একমাত্র পথ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা ২০ কোটি ডলার নিয়েই মতানৈক্য হয়েছে। এই অঙ্কের অর্থ নিয়েই তারা সালিশিতে যেতে চাইছে।

তারা আরও জানিয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দাম দিতে সম্মত হয়েছে, সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে। কিন্তু পুরনো বকেয়া হিসাবে সাড়ে ১৩ কোটি ডলার এখনও পাওনা আছে। এই অর্থ ১০ নভেম্বরের মধ্যে পরিশোধ করে দেয়ার অনুরোধ জানিয়েছিল তারা।

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তবে সালিশি প্রক্রিয়ায় যাওয়ার কথা আদানি গ্রুপ ঘোষণা করার ঠিক আগেই বাংলাদেশের সরকার ইঙ্গিত দিয়েছিল যে দেশটির বিদ্যুৎখাতে আগের সরকারের আমলে যে-সব চুক্তি হয়েছিল, তাতে অনেক দুর্নীতির তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি গ্রুপ। এই বিদ্যুৎকেন্দ্র থেকে পুরোটাই বাংলাদেশে পাঠানো হয়। এছাড়া ভারত সরকারিভাবেও বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে। গত বছর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই তাদের সঙ্গে বিদ্যুতের দাম নিয়ে আদানি গ্রুপের সঙ্গে মতানৈক্য চলছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ