ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৩:৪২:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:৩৬:১০ অপরাহ্ন
​বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প ​ছবি: সংগৃহীত
একটি তথ্যচিত্রে তার নিজের বক্তব্যকে ভুলভাবে সম্পাদনা করার কারণে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ প্রদানের মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর)  সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গণমাধ্যমটি সম্প্রতি তাদের কাজের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চায়, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। খবর এএফপির।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।

সংবাদমাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলছে, সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন— প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে— এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না।

বিবিসির ভাষায়, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনও কারণ আছে বলে আমরা মনে করি না।

এই সপ্তাহের শুরুতে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করবে।

এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ