ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১২ রাজনৈতিক দলের সঙ্গে রোববার সংলাপে বসবে ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:২৯:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৩:২৯:০৯ অপরাহ্ন
আরও ১২ রাজনৈতিক দলের সঙ্গে রোববার সংলাপে বসবে ইসি ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আগামী ১৬ নভেম্বর রোববার সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুই ধাপে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে ইসি।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে বসবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয় নির্ধারণ, তফশিল ঘোষণার পর আচরণ বিধি কঠোরভাবে প্রতিপালন, আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন এবং প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদনের মতো বিষয়।

এ ছাড়াও, তফশিল ঘোষণার পর নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধ, নির্বাচনে এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করাও আলোচনার টেবিলে থাকবে। সংলাপে লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোন বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করার বিষয়েও দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ