চায়ের দেশ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই টেস্টে ব্যাটেবলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট টেস্টে একদিন হাতে থাকতেই আইরিশদের ৪৭ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলেছিল আইরিশ ব্যাটাররা। এরপর ব্যাটিংয়ে নেমে দাপট দেখায় টাইগাররা। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৮৭ রানের পাহাড় তৈরি করে বাংলাদেশ। এতে ৩০১ রানের লিড পায় তারা।জবাব দিতে নেমে টাইগারদের বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেননি সফরকারীরা। একদিন বাকি থাকতেই ২৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ৪৭ রান এবং ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে হারিয়েছে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করে। প্রথম ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। তাইজুল ইসলামের দ্বিতীয় বলে আম্পায়ার এলবিডব্লু দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন ম্যাথু হামফ্রিজ। বল তার ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগেছিল। এরপর মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে জীবন পান অ্যান্ডি ম্যাকব্রাইনও। বাঁহাতি ব্যাটারের ব্যাটের বাইরের কানা লেগে, লিটন দাসের পা ছুঁয়ে নাজমুল হোসেন শান্তর গলার কাছাকাছি জায়গায় লাগে। কিছুক্ষণ শুয়ে থাকেন বাংলাদেশ অধিনায়ক, ফিজিও এসে চিকিৎসা দেন।
ষষ্ঠ উইকেটে হামফ্রিজ-ম্যাকব্রাইনের ৩১ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর আটে নামা অ্যান্ডি বালবার্নিকে নিয়ে বাংলাদেশী বোলারদের হতাশা বাড়ান ম্যাকব্রাইন। দুই অ্যান্ডি মিলে প্রতিরোধ গড়ে ৬৬ রানের জুটি গড়েন। ১১৯ বল স্থায়ী হওয়া জুটির সমাপ্তি ঘটান হাসান মুরাদ।বাঁহাতি স্পিনারের দারুণ ডেলিভারিতে এলবিডব্লু হন অ্যান্ডি বালবার্নি। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৩৮ করেন তিনি। তবে সতীর্থদের বিদায়ের মধ্যে একপ্রান্ত আগলে রাখেন ম্যাকব্রাইন। চোয়ালবদ্ধ লড়াইয়ে ১০২ বলে ফিফটি করেন ৩২ বছর বয়সী ব্যাটার।দ্বিতীয় সেশনে বেশিক্ষণ টিকতে পারেনি আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রাইন ৫২ রানে আউট হলে ছন্দ হারায় তারা। শেষ দিকে জর্ডান নেইল ৩৬ রান এবং ব্যারি ম্যাকর্থি ২৫ রানে আউট হলে ২৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ইনিংস ও ৪৭ রানের জয় পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এ ছাড়াও তাইজুল ইসলাম ৩টি ও নাহিদ রানা শিকার করেন ২ উইকেট।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন