ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ

ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৪৮:০৪ অপরাহ্ন
ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ সংবাদচিত্র: সংগৃহীত
‘জেলা জেলা জেলা চাই ভৈরব জেলা চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর কিশোরগঞ্জ নো মোর’, ‘ইন্টেরিম সরকার জেলা মোদের দরকার’, ইত্যাদি স্লোগানে উত্তাল ভৈরবের রেলপথ। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাল নিশান টানিয়ে আটকে ভৈরব জেলা ঘোষণার দাবিতে রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছেন ভৈরবের সর্বস্তরের জনতা। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন আটকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি শেষ করে স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে আসলে উত্তেজিত জনতা পুলিশকে উদ্দেশ্য করে বৃষ্টির মত পাথর ছুড়তে থাকেন। জনতার ছোড়া পাথরে যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভৈরবের সর্বস্তরের জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টা আটকা পড়ে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুড়তে থাকে। এ ঘটনায় ট্রেনের কতজন যাত্রী আহত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
 
এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দিয়েছিল একই আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালক। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের কথা জানান অবরোধকারীরা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ