ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০১:৫৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
​মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ ​ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম আবুল কালাম আজাদ। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ-শিঙ্গাড়া দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এ ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।

মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যেই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ