রাউজানে ‘ডাকাত আলম’কে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও দুই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৫ ০৮:৫৫:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৫ ০৯:২৫:৫০ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজানে মো.আলমগীর আলম (৫০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। শনিবার (২৫ অক্টোবর) বিকালে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রশিদরপাড়া সড়কে কায়কোবাদ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত আলম রাউজান পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুর সাত্তারের ছেলে।
নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার জায়ের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি (নিহত আলম)। আসার সময় পথ আটকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমি এর বিচার চাই।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে দূর্গম পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানায় পুলিশের একটি অভিযানে নিহত আলমকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের সাথে প্রচুর গুলি বিনিময় হয় এবং তৎকালীন ওসিসহ ৩জন এসআই আহত হন। সে ‘ডাকাত আলম’ নামে পরিচিত ছিল। তবে বর্তমানে যুবদল কর্মী হিসেবে বেশ পরিচিত।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিস্তারিত তদন্ত করে বলা যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানের সর্বমোট ৫জন গুলিতে নিহত হয়েছেন। তার মধ্যে ১জন রাউজানের সীমানার অদূরে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় নিহত হন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স