মানসিকতার সংস্কার ছাড়া জাতীয় পরিবর্তন সম্ভব নয় : সালাউদ্দিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১০-২০২৫ ০৪:৩৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৫ ০৪:৩৩:৪৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় মানসিকতার সংস্কার ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, শুধু অর্থনৈতিক নয়, মানসিকতার উন্নয়নও জরুরি। আমরা যত সংস্কার কমিশনই করি না কেন, জাতীয় মানসিকতার পরিবর্তন ছাড়া কিছু অর্জন সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে আয়োজিত ‘চব্বিশোত্তর বাংলাদেশ—তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এছাড়া আলোচক হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জাতিসংঘের চিফ অব স্টাফ (অব.) রেহান এ. আসাদ, ইউট্যাব-এর মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান।
এ সেমিনারে প্রায় ১৮০ থেকে ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পরিবর্তন ঘটে। ২৪-এর গণঅভ্যুত্থানের মূল বার্তা হলো সংস্কার, শিক্ষা ও সমতা। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে যুক্ত করে সেক্টরাল পরিবর্তনের মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ভূমিকা রাখতে পারি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ ও সেল্ফ-এমপ্লয়মেন্টে মনোযোগী হতে হবে। সমাজ ও রাষ্ট্রের বৈষম্য দূর করতে সমন্বিত চিন্তা দরকার।
সংবিধান ও নির্বাচনী কাঠামো প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, জাতীয় সনদ সাক্ষরিত হওয়ার পর জনগণের মতামতের ভিত্তিতে সংসদীয় প্রক্রিয়ায় আইনি রূপ দিতে হবে। জাতীয় স্বার্থে আমরা যেন আলোচনা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে পারি— এ আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে ইউট্যাব নেতারা শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স