শেষ মুহূর্তেও জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় এনসিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৫ ০৪:৩৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৫ ০৪:৩৭:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
শেষ মুহূর্তেও জুলাই সনদে সই না করা এবং স্বাক্ষর অনুষ্ঠানেও না যাওয়ার অবস্থানে অনড় আছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দাবি পূরণ না হওয়ায় এই অবস্থান নেওয়ার কথা জানিয়েছে দলটি।
এনিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব গণমাম্যমকে বলেন, এর পূর্বে আমরা দেখেছি সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও একইরকম একপাক্ষিক ও পক্ষপাতিত্বমূলক করার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে সুস্পষ্ট দাবি আদায় না হলে স্বাক্ষর করবে না এনসিপি।
এদিকে ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি- এই তিন দফা দাবিতে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা সেখানে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ করেই তারা সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন।
এসময় পুলিশ ও এপিবিএন সদস্যরা বাধা দিলে সংঘর্ষ লেগে যায়। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জুলাইয়ে পা হারানো এবং হাত হারানো বেশ কয়েকজনকেও দেখা যায়।
এদিকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, কৌশল হিসেবে এই অবস্থান এনসিপির জন্য ভালো নাও হতে পারে। আবার কারও কারও মতে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে ‘যৌক্তিক’ অবস্থানই নিয়েছে দলটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স