এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, দুই ছাত্রদল নেতার মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১০-২০২৫ ০২:৪২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৫ ০৩:৪৩:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকচাপায় মাদারীপুরের শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও ছাত্রনেতা মুজিবুল হক দুর্জয় (৩২) নিহত হয়েছেন। দুই ছাত্রদল নেতার মৃত্যুর খবরে শিবচরের দুটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ।
জানা গেছে, সোমবার সকালে রোমান ও দুর্জয় মোটরসাইকেল মেরামতের জন্য ঢাকা যান। পরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আহমেদ রোমান শিবচর পৌরসভার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং মুজিবুল হক দুর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, নিহত দুজনই আমার বন্ধু ছিলেন। রোমান ছিলেন শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।তিনি আরও বলেন, নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ গ্রাম নলগোড়ার মৃধাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে। আর মুজিবুল হক দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।দুই ছাত্রনেতার অকাল মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স