কাকরাইলে পুলিশের বাধায় পণ্ড জাতীয় পার্টির সমাবেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১০-২০২৫ ০৫:০২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৫ ০৮:১৩:৫৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সমাবেশ।
চেয়ারম্যান জি এম কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধসহ ৫ দাবিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (১১ অক্টোবর) বিকেলে এই সমাবেশ ডাকা হয়েছিল।
পুলিশ বলছে, এ সমাবেশের জন্য দলটি কোনো অনুমতি নেয়নি। তবে দলটির দাবি, তাদের অনুমতি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। বিকেল পৌনে চারটার দিকে হঠাৎ করেই পুলিশ সেখানে এসে ব্যারিকেড সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।
পরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি ও বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো অস্থায়ী মঞ্চও ভেঙ্গে দেয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া রাস্তায় জনসমাগম সৃষ্টি করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ করছিলেন। কিন্তু বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ হঠাৎ জলকামান নিয়ে এসে আক্রমণ চালায় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও তারা বারবার উসকানিমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিকেল সাড়ে চারটার দিকে জাপা কার্যালয়ের ফটক বন্ধ দেখা যায়। সামনে পুলিশ অবস্থান করছে। সমাবেশের জন্য আনা চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছে ডেকোরেশনের লোকজন।
এ ঘটনায় এখনও কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। কাকরাইল ও আশপাশের এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
জাতীয় পার্টির দাবিগুলো হলো-
১. জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার।
২. বন্দী নেতাকর্মীদের মুক্তি।
৩. মব ভায়োলেন্স বন্ধ।
৪. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
৫. সকল দলের সমান সুযোগ এবং অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন
এর আগে গত ৬ সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স