ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ে ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০১:৫৩:৩৯ অপরাহ্ন
​এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ে ১৪ জনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
এক রাতের বৃষ্টিতে ভারতের দার্জিলিংয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গিয়েছেন চার জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সিকিম ও কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, শনিবার (৪ অক্টোবর) রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটেছে। তিস্তার পানি বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার পানি উঠে বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে, যা বেশ বিরল।

মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) বলেন, “মিরিকে পাঁচটি মৃতদেহ ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। দু’টি দেহ আগে উদ্ধার করা হয়েছে। সুখিয়ায় আরও চার জনের মৃত্যুর কথা শুনেছি। উদ্ধারকাজ চলছে। তবে আবহাওয়ার কারণে তাতে খুব সমস্যা হচ্ছে। রোহিণীর রাস্তা পুরো বন্ধ। দিলারামের দিকটাও বন্ধ। মিরিকে যারা আটকে আছেন, তাদের বের করে আনার চেষ্টা করছি আমরা। বাসিন্দাদেরও উদ্ধার করা হচ্ছে।”

স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে, দিলারামের কাছে রাস্তায় ধস নেমেছে। দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক সেই কারণে অবরুদ্ধ। এ ছাড়া, কালিম্পং ও সিকিমের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 

শনিবার রাতের বৃষ্টিতে রোহিণী রোডের অবস্থাও করুণ। রাস্তার একাংশ ধসে নদীর দিকে নেমে গেছে। জিটিএ-র তরফে দুর্যোগ নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রবিবার সকালে। সেখানে বলা হয়েছে, পর্যটকদের জন্য আপাতত রক গার্ডেন এবং টাইগার হিল বন্ধ। দুর্যোগে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ