ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘শেখ হাসিনার সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:০৮:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১২:০৮:১৯ অপরাহ্ন
​‘শেখ হাসিনার সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে’ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামি দিনে যারাই রাষ্ট্রক্ষমতায় আসবেন, দেশ পরিচালনায় আসবেন, তাদেরকে বহুমুখী সংকটে পড়তে হবে। কারণ বিগত পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওই সরকারের একটা অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে।  এখনো একটা বড় অংশ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন আরো বলেন, গণমাধ্যমের মানুষকে গণমানুষের স্বপক্ষে দাঁড়াতে হবে। তাঁদের খবর পরিবেশন করতে হবে। সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। ইতিবাচক খবরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের সকল নেতাকর্মী সংবাদপত্রের স্বাধীনতার স্বপক্ষে  কাজ করছেন।’ তিনি কলাপাড়ার উন্নয়নে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে সকল গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সহসভাপতি অ্যাডভোকেট যেড এম কাওসার।  

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ ও গণমাধ্যমকর্মী নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন। 

কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা ও ক্রীড়া সংগঠক ইভান মাতুব্বর। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ