নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কা বাড়ছে : ফারুক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১০-২০২৫ ০৩:৩২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৫ ০৪:০৪:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন।
দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি মন্তব্য করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তা কতটুকু ফিরিয়ে আনা গেছে? ব্যাংকগুলোর এখনো কেন করুণ অবস্থা?
ফারুক বলেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে। পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স