ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৪ দিনের ছুটি শুরু

বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১০-২০২৫ ১১:২৮:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৪৮:৫৫ অপরাহ্ন
বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ সংবাদচিত্র: সংগৃহীত
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ। ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ থেকে টানা চার দিন বন্ধ। সাপ্তাহিক ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। ছুটি শেষে আগামী রোববার থেকে কর্মস্থলে ফিরবেন তাঁরা।

বুধবার (১ অক্টোবর) ভোর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সকাল হওয়ার পর বেলা বাড়তে ক্রমে কমে আসছে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেই ভোর থেকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় মানুষের জটলা দেখা গেছে। বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে অনেক যাত্রী বাসের জন্য সায়েদাবাদ ও এর আশেপাশে বাসস্ট্যান্ডগুলোতে আসছেন। বৃষ্টি কমার সঙ্গে বাড়ছে যাত্রীদের সংখ্যা। সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট বিক্রেতারা জানিয়েছেন, টানা চার দিন ছুটি থাকায় মঙ্গলবার বিকেল থেকেই যাত্রীদের চাপ ছিল। সন্ধ্যার পর যাত্রীর চাপ অনেক বেড়ে যায়।

আজকেও অনেকে যাবেন। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা বাড়বে বলেও মনে করছেন পরিবহন শ্রমিক ও টিকিট বিক্রেতারা।

সকাল থেকে সায়েদাবাদ ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, শ্যামলী, গোল্ডেন লাইন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, হানিফ, ইউনিক, হিমাচল, ইকোনো, জোনাকি সার্ভিসের কাউন্টারে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। তবে যাত্রীর সংখ্যা বেশি ছিল যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায়।

সায়েদাবাদ বাস টার্মিনালের রেলগেটের কাছে দেখা গেছে, যাত্রীতে পূর্ণ হলেই কিছুক্ষণ পরপর একের পর এক বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। কুমিল্লা রুটে চলাচল করা তিশা পরিবহনের কর্মী শহিদুল ইসলাম বলেন, যাত্রী আছে, তবে যেমনটা আশা করেছিলাম তেমন না। বৃষ্টির কারণে মানুষ ঘর হতে বের হতে পারেনি।

সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় জোনাকি সার্ভিসের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী মোর্শেদ আলম বলেন, আমাদের গাড়ি নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুর পুর এলাকায় চলাচল করে। কিছু যাত্রী আছে। ছুটির হিসাবে খুব বেশি চাপ নেই। মূলত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। আশা করছি, বৃষ্টি থেমে গেলে যাত্রী বাড়বে।

পরিবারসহ রায়পুর নিজের বাড়িতে যাবেন মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ইচ্ছা ছিল খুব ভোরে চলে যাবো। কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি। মহিলা ও বাচ্চাদের নিয়ে তো বের হওয়ার উপায় নেই। এখন আসলাম গাড়ি অ্যাভেলেবেল আছে। কোনো সমস্যা হচ্ছে না।

বুধবার থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। তাই বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত চার দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। সে হিসেবে মঙ্গলবারই (৩০ সেপ্টেম্বর) ছিল শেষ অফিস, আগামী রোববার (৫ অক্টোবর) আবার অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ