দুর্গাপূজা : হিলি স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৯-২০২৫ ১২:২২:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৫ ১২:২২:০৯ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন দুই দেশের মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রমও।
আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দুর্গাপূজায় ভারতে অনেক আনুষ্ঠানিকতা থাকে, যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে এবং চাইলে আমদানিকারকেরা বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তারা যাতায়াত করতে পারবে।
আগামী ৪ অক্টোবর শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স