ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেরে গেলেন ফায়ার ফাইটার শামীম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৫:১৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:১৮:৪০ অপরাহ্ন
হেরে গেলেন ফায়ার ফাইটার শামীম ​ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ শামীম আহমেদ (৪২) নামের এক ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছিল। শামীম আহমেদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম জানান, সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শামীম আহমেদ নেত্রকোণা জেলার সন্তান। তার জন্ম ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন তিনি। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ