ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পেছাল চাকসু নির্বাচনও

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৪:৩৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:১৬:০৬ অপরাহ্ন
​পেছাল চাকসু নির্বাচনও ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। 

জানা যায়, দুর্গাপুজা উপলক্ষে আগামীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চাকসু নির্বাচন প্রচার-প্রচারণায় খুবই কম সময় পাচ্ছিলেন প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই নির্বাচন পেছানোর দাবি জানান তারা। সেটিকে আমলে নিয়ে আজ এই সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ১ অক্টোবর (রোববার) চাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। সেটিই পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) করা হয়েছে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।

তথ্যমতে, প্রতিষ্ঠার ৫৮ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে, এবং ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত নিয়মিতভাবেই ৩ বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৮০ এবং ১৯৮১ সালে পরপর আবার দুইবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন যুগ আগে ১৯৯০ সালে। নির্বাচনের প্রায় ১১ মাস পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়।  এরপর আর ছাত্রসংসদ নির্বাচন দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ