ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাকরাইল ও তার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৪ ১২:৫৫:০৪ পূর্বাহ্ন
কাকরাইল ও তার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল শনিবার সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভেও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শুক্রবার (১ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর ২০২৪ খ্রিঃ, শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
এর আগে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। আগামীকাল শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টির ডাকা শনিবারের সমাবেশ আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুত্থানের পরিকল্পনার অংশ। এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।
এদিকে একই দিন রাজধানীতে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। এছাড়াও সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা ছিল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ