ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের মামলায় প্রধান আসামি নিক্সন চৌধুরী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৯-২০২৫ ০৬:৩১:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৫ ০৭:০২:০৪ অপরাহ্ন
সোমবার ভাঙ্গা থানা ভাঙচুর করা হয়। ইনসেটে নিক্সন চৌধুরীর ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে এ মামলাটি দায়ের করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে জুড়ে দেয়। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রথমে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ভাঙ্গাবাসী।
তবে ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিনদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে এবং তিনদিন পরে মঙ্গলবার থেকে আবার অবরোধ করবেন বলে জানান।
আন্দোলনকারীরা ৯-১১ সেপ্টেম্বর টানা তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ পালন করেন। শুক্র-শনিবার বাদ দিয়ে গত রোববার (১৪-১৬ সেপ্টেম্বর) থেকে ফের টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়।
গত রোববার তৃতীয় দফা কর্মসূচি প্রথম দিনে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী ভাঙ্গা ও ঢাকা খুলনা রেলপথ অবরোধ করে। এর ফলে ভাঙ্গার হামিদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়।
গত রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরভাবে আন্দোলন দমন করার ঘোষণা দেন। পাশাপাশি রোববার আলগী ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে দেড়শো জনকে অজ্ঞতানামা আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙ্গা থানায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিককে।
সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানাসব বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স