ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে সহিংসতা বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে : কার্কি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৪:২৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৫:২৮:১৮ অপরাহ্ন
নেপালে সহিংসতা বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে : কার্কি ​ছবি: দ্য খবর হাব
নেপালে আন্দোলন থেকে ছড়িয়ে পড়া সহিংসতা বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি স্পষ্ট করে বলেছেন, ধ্বংসযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে নিজের নতুন কার্যালয়ের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার সময় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী কার্কি বলেন, নেপালের ইতিহাসে এমন ভয়াবহ মাত্রার ধ্বংসযজ্ঞ দেখা যায়নি। এসবের পেছেন আসলেই যদি নেপালিরা জড়িত থাকেন, তাহলে আমাদের লজ্জা পাওয়া উচিত। তবে এটা কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছে, সে বিষয়ে আমরা সবাই অবগত আছি। গত কয়েকদিনে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনেক তথ্য-আলামত ধ্বংস করা হয়েছে। সরকারি বাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। এসব ঘটনার অবশ্যই বিচার করা হবে এবং দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে মুখ্যসচিব একনারায়ণ আচার্য বলেন, সরকারি কার্যালয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি দ্রুত পুনর্গঠন তহবিল বরাদ্দ ও জরুরি সেবা পুনঃস্থাপনের ওপর জোর দেন।

পুনর্গঠন কার্যক্রমে স্বনির্ভরতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী কার্কি বলেন, ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ দেশের নিজস্ব সম্পদ দিয়েই করতে হবে। গতকাল মহারাজগঞ্জে গিয়ে শুনলাম স্থানীয় ব্যবসায়ীরা থানা পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি। সমালোচনার বদলে সহযোগিতার মনোভাব নিয়ে চলুন আমরা সামনে এগোই। আমাকে এ কাজে সহায়তা করুন।

নেপালে দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটাই দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা। তিনি আরও বলেন, ক্ষমতা উপভোগ নয়, বরং তরুণ প্রজন্মের সঁপে দেওয়া দায়িত্ব পালন করতে শপথ গ্রহণ করেছি।

এ সময়, নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আগামী ছয়মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে নতুন পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।

এদিকে, নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। সরকারি তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সংখ্যাটি প্রকাশ করেন মুখ্যসচিব একনারায়ণ আরিয়াল। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৯১ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন মানুষের আহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া, লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি রূপি। তবে এরপর কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী।

নেপালে সরকারি মদদে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছিল। তবে ভুয়া খবর ছড়ানোর কারণে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। পরে সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও সহিংসতা রোধ করা যায়নি। অবশেষে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​নেপালের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ