ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাকসু নির্বাচন

জরুরি বৈঠকের পর ভোট গণনা পুনরায় শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৮:০৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৮:০৪:১৭ অপরাহ্ন
জরুরি বৈঠকের পর ভোট গণনা পুনরায় শুরু ​ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর এ ভোট গণনা শুরু হয়।

এর আগে বিকাল ৫টার পরে হঠাৎ করে ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা।

এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, পূর্বের ন্যায় ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে ভোট গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে জানা গেছে । এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।  শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ম্যানুয়ালি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।

শুক্রবার রাত ১০টার পরে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
 
​জাকসু নির্বাচন : রাত ১১টার মধ্যে ফল প্রকাশের আশা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ