স্কুলছাত্রী লামিয়া হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৫ ০৪:৪৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৫ ০৪:৪৩:৪৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলছাত্রী লামিয়া হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বালিয়াতলী অংশে এই মানববন্ধনে মামলার আসামির স্বজনসহ শত শত মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ করেন।
এ সময় বক্তব্য রাখেন মামলার এক আসামি সোহেলের মা হাজেরা খাতুন, স্থানীয় বাসীন্দা তাবিদ আদনান বাদল প্রমুখ। বক্তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এ ঘটনার জন্য তারা নিহত লামিয়ার মা হালিমা বেগমকে দায়ী করেন।
এর আগে একই দাবি তুলেছিলেন অপর এক আসামির মা জায়েদা বেগম। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে আসামির অসংখ্য স্বজন ও স্থানীয়রা লিখিত অভিযোগে দাবি করেন, মামলার বাদী হালিমা বেগমের অনৈতিক কর্মকাণ্ড তার মেয়ে লামিয়া দেখে ফেলায় ধামাচাপা দিতে মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।
উল্লেখ্য, গত ৩০ জুন রাতে বালিয়াতলী গ্রামে নিজ বাড়ির সামনের পুকুরপাড়ের একটি চাম্বল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লামিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লামিয়ার মা হালিমা বেগম ৩ আগস্ট পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। যেখানে বলা হয়েছে, লামিয়াকে পালাক্রমে ধর্ষণ শেষে হত্যা করে লাশ গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আদালতের নির্দেশে ১২ আগস্ট কলাপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স