যাত্রীবাহী বাস উল্টে খালে, নিহত বেড়ে ৫
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৫ ০২:০৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৫ ০২:১৯:৩০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী আনন্দ পরিবহনের একটি বাস শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজ সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন— সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭) ও মোরশেদ আলম (৪০) এবং নওগাঁ জেলার বাসিন্দা হুমায়ুন কবির। হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে; তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানান, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ নিহত পাঁচজনের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে কাজ করছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। জোয়ারের কারণে প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স