ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আ. লীগের রক্ষাকবচ হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৬:০৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৩:১১ অপরাহ্ন
​আ. লীগের রক্ষাকবচ হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি: রিজভী ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বেচ্ছাচারী শাসনের রক্ষাকবচ হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৬ বছর ধরে এ দলটি আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কে রাজনীতি করবে, না করবে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরি করে না। উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপির তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, গেলো ১৬ বছর জাতীয় পার্টির ভূমিকা কী ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল? এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, জনগণের লাখো কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা? দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি।

রিজভী বলেন, শেখ হাসিনার একেবারে ডান হাত মাহবুবুল হানিফ বিদেশ বা ইন্ডিয়ায় আছেন। তিনি বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় চালু করছেন ও উদ্বোধন করেছেন গতকাল। কিভাবে সম্ভব এটা?

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে আওয়ামী লীগ। বলেছে, মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা আছে। কিন্তু ১৬ বছর তারেক রহমানের কারখানার নাম কী, শিল্পপ্রতিষ্ঠানের নাম কী শেখ হাসিনা তো বলতে পারেননি।

‘‘এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির’’ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারীর এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্রক্ষমতায় নেই। এখনো তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি কিসের দায় দায়িত্বের কথা বলছেন? আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি; জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপির নেতা-কর্মীর গুম হয় তখন কোথায় ছিলেন, তখন জাতীয় পার্টি কোথায় ছিল?

২০১৪ সালের জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই সে চিত্র স্মরণ করে তিনি বলেন, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে। সেই নির্বাচনে যাব না, যাব না করতে করতে জাতীয় পার্টি গেল, আপনার ১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চায়নি। জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে ২৪ সালের আগে দেখেছি। জি এম কাদের তিনি ইন্ডিয়ায় গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করল, আপনাকে কী কথা বলেছে ভারত, তিনি বলেন ওদের সঙ্গে কথা হয়েছে, তবে ওদের (ভারতের) পারমিশন ছাড়া কথা বলব না। এ দল জাতীয় পার্টি?

নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে (জি এম কাদের) নির্দেশ দিয়েছিল ভারত, এটা পাবলিক সবাই জানে। সেটাও আপনি তাদের অনুমূতি ছাড়া বলতে পারবেন না। তো আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এ আপনাদের আদর্শ, এ আপনাদের চরিত্র?

বিএনপির মব সংস্কৃতিতে বিশ্বাস করে না বলে জোর উচ্চারণ করেন রুহুল কবির রিজভী। ১৬ বছরে সাংবাদিকতা বাদ দিয়ে অনেকে এক্টিভিজম করেছে। এমন সমালোচনা করে রিজভী বলেন, চেতনার বয়ান তৈরি করেছে, চেতনার নামে নানা কিছুর নামে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, সত্য কথা যদি বলেছে তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে নইলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা তারা কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার করাল গ্রাস থেকে। আওয়ামী লীগের দাসত্ব করা সাংবাদিকরা আজকে বড় বড় কথা বলেন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

​এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম পাটোয়ারী


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ