ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একটা ক্যাপ বিক্রি হলো সাড়ে ৩ কোটি টাকায়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৫৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৪:২৬:৫০ অপরাহ্ন
একটা ক্যাপ বিক্রি হলো সাড়ে ৩ কোটি টাকায় ফাইল ছবি
একটা ক্যাপই ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়াম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। অবিশ্বাস্য এমন দাম হবে না-ই বা কেন? ক্যাপটি যে ডন ব্র্যাডম্যানের। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে এই ক্যাপ পরেই খেলেছিলেন কিংবদন্তি এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

অস্ট্রেলিয়া ন্যাশনাল মিউজিয়াম ক্যাপটি সংগ্রহ করলেও অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার। ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ সালের সিরিজে; সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ।পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র। সেবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থাকার রেকর্ড করে অজিরা।

অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, এই ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে। তিনি বলেন, ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এখন তার একটি প্রতীকী ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে তা দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।

ব্র্যাডম্যানের এমন ব্যাগি গ্রিন ক্যাপের মধ্যে মাত্র ১১টির অস্তিত্ব সম্পর্কে জানা যায়। এর মধ্যে একটি রাখা আছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, আর বাকি নয়টির অবস্থান ব্যক্তিগতভাবে গোপন রাখা হয়েছে। ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যাটসম্যানের জীবনকে চিহ্নিত করে এবং সেই সময়কে প্রতিফলিত করে, যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দুঃখ-কষ্টের সময় অস্ট্রেলিয়ানদের আশা জুগিয়েছিল। তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে সবার জন্য প্রদর্শিত হবে। বর্তমানে ক্যাপটি রাখা হয়েছে জাদুঘরের নবনির্মিত ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার মতো সংগ্রহগুলো প্রদর্শিত হচ্ছে। সেখানে ব্র্যাডম্যানের স্মারক সামগ্রীও রাখা আছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ