ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নেসকোর প্রকৌশলীকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি আইইবি'র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:০৮:০৯ অপরাহ্ন
​নেসকোর প্রকৌশলীকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি আইইবি'র
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সহকারী প্রকৌশলীকে মো. রোকনুজ্জামান প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে বলেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান আইইবির সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. নূর আমিন।

এতে বলা হয়, বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গভীরভাবে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশের প্রকৌশল পেশাকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, দেশব্যাপী বিশৃঙ্খলা ও অযৌক্তিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

যেকোনো রাষ্ট্রের অবকাঠামোগত, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, পদায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা অপরিহার্য। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রকৌশল কর্মকাণ্ড পরিচালনা, সম্পাদন এবং তত্ত্বাবধানের মাধ্যমে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের এই নিরবিচ্ছিন্ন অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আইইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। তবে প্রকৌশলীদের যথাযথ মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তাঁদের ন্যায্য অধিকার সুনিশ্চিত না হলে তাঁরা কর্মস্পৃহা হারাবেন এবং মেধাবী প্রকৌশলীগণ বিদেশে চলে যাওয়ার শঙ্কা দেখা দিবে। ফলশ্রুতিতে দেশ প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নে পিছিয়ে পড়বে-এটি অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে প্রকৌশলী মো. রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), রংপুর'কে নিজ কর্মস্থলে একটি মহল কর্তৃক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার বিষয়টি আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে। পেশাগত দায়িত্ব পালন এবং প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা করতে গিয়ে প্রকৌশলীদের বিরুদ্ধে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় আইইবি তথা দেশের সমগ্র প্রকৌশল সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইতোমধ্যে এ ঘটনাগুলো সারাদেশের প্রকৌশলীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

প্রকৌশলী মো. রোকনুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্পষ্টভাবে ঘোষণা করছে যে-

- প্রাণনাশের হুমকিদাতা ও তাদের সহযোগিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

- দেশের প্রকৌশল পেশা'র মর্যাদা রক্ষা এবং প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ