ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সমাবেশ করার অনুরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:৫৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৪:৩০ অপরাহ্ন
দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সমাবেশ করার অনুরোধ ​ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (২৩ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির কথা তুলে ধরেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির সর্বোচ্চসংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনদুর্ভোগ এড়াতে যান চলাচলের স্থানে সভা-সমাবেশ না করে সুবিধাজনক বিকল্পস্থানে কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময়ে পৌঁছাতে পারে না। একজন পরীক্ষার্থী সময়মত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তাই এহেন অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, সভা-সমাবেশ করার জন্য কিছু স্থান প্রস্তাব করা হয়েছে। ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন সমাবেশ করার জন্য প্রস্তাবিত ৯১টি স্থান বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে আটটি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে দশটি, রমনা বিভাগে চারটি।

সভার আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ নগরীর প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, ঢাকা মহানগরের প্রত্যেকটি নাগরিক যেন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে যে কোন ধরনের নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ