পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) দুপুর ঢাকায় পৌঁছেছেন।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
শনিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষ্যে অভ্যর্থনার আয়োজন করেছে ঢাকায় দেশটির হাইকমিশন। এর ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন ইসহাক দার।
সফরকালে ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। এছাড়া জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে তৌহিদ হোসেন ও ইসহাক দার একান্ত বৈঠক করবেন। এরপর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান। ইসহাক দার নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৈঠকের পর ইসহাক দারের সফর উপলক্ষ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে সরকার। বিকেলে ৪টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
এরপর তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। ২৪ আগস্ট রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয়-সাতটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি রাখছে দুই দেশ। এর মধ্যে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, সাংস্কৃতিক বিনিময় নিয়ে সমঝোতা, দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজ-সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা, বাংলাদেশ সংবাদ সংস্থা ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।
এ ছাড়া দুই দেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে কাজ চলছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে
কী বার্তা নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী?