গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১, মানবিক বিপর্যয় চরমে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৮-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৭ জন। ইসরায়েল সেখানে আরও বৃহত্তর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এর আগে, শুক্রবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকার একটি স্কুল ভবনের ওপর ইসরায়েলি কোয়াডকপ্টার চক্কর দেয়। ওই স্কুলে বহু ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। কিছুক্ষণ পরই ড্রোনটি বিস্ফোরক নিক্ষেপ করলে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।
আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একজন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বোমা হামলা ও অবরোধের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপ কিংবা রাস্তায় আটকে আছেন। এদিকে অনাহার ও অপুষ্টিতে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে। এতে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, এর মধ্যে ১১২ জন শিশু।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরুর পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।
শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে যাওয়া বেসামরিকদের ওপর হামলায় নিহত হয়েছেন ২৪ জন এবং আহত ১৩৩ জন। ২৭ মে থেকে এ ধরনের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০ এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয়, তবে গাজার বৃহত্তম শহর ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—“খুব শিগগিরই গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের মাথার ওপর নরকের দরজা খুলে যাবে।”
তিনি আরও জানান, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের শর্ত হলো সব বন্দিকে মুক্তি দেওয়া এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। তবে হামাস বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া নিরস্ত্রীকরণের প্রশ্নই আসে না।
গত মার্চের শুরু থেকে ইসরায়েলের পূর্ণ অবরোধে গাজার ২৪ লাখ মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। দুর্ভিক্ষ, রোগব্যাধি ও জরুরি পরিষেবার ভাঙন সেখানে ভয়াবহ আকার নিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন নিহত এবং ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, একই বছরের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ জিম্মি হন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স